• হোম > বাংলাদেশ > বাজেট ২০২৬-২৭: নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আসছে নারী ব্যবস্থাপনায় পিঙ্ক বাস

বাজেট ২০২৬-২৭: নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আসছে নারী ব্যবস্থাপনায় পিঙ্ক বাস

  • শুক্রবার, ১২ জুন ২০২৬, ১৩:৪১
  • ৬৫

---
ই-বাংলাদেশ ডেস্ক

দেশের কর্মজীবী নারী, শিক্ষার্থী এবং নারী শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বড় উদ্যোগের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সম্পূর্ণ নারী পরিচালিত এবং নারীদের ব্যবস্থাপনায় পরিচালিত ‘পিঙ্ক বাস সার্ভিস’ চালুর ঘোষণা দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতাকালে তিনি বলেন, নারীদের কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং দৈনন্দিন যাতায়াতকে আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত করতে সরকার বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন শহরে পর্যায়ক্রমে নারী পরিচালিত পিঙ্ক বাস সার্ভিস চালু করা হবে। এই বাস সেবার চালক, সহকারী, তত্ত্বাবধায়ক ও প্রশাসনিক ব্যবস্থাপনা—সব ক্ষেত্রেই নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অর্থমন্ত্রী জানান, কর্মক্ষেত্রে নারী শ্রমিক ও কর্মজীবী নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা, বৈষম্য ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে নিরাপদ আবাসন, যাতায়াত সুবিধা এবং নারীবান্ধব কর্মপরিবেশ তৈরিতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নারী পরিচালিত গণপরিবহন ব্যবস্থা চালু হলে একদিকে যেমন নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে নিরাপদ গণপরিবহন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে নারী যাত্রীদের নিরাপত্তা, হয়রানি এবং যাতায়াত সমস্যার সমাধানে এ ধরনের উদ্যোগের দাবি জানিয়ে আসছিল বিভিন্ন নারী অধিকার সংগঠন।

বাজেট বক্তৃতায় শিশু শ্রম নিরসনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। অর্থমন্ত্রী জানান, শিশু শ্রম সম্পূর্ণভাবে বন্ধ করার লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০-এর খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। সরকারের লক্ষ্য হলো একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক কর্মপরিবেশ গড়ে তোলা, যেখানে নারী ও শিশুদের অধিকার সর্বোচ্চ গুরুত্ব পাবে।

সরকারের এই নতুন উদ্যোগকে নারীর ক্ষমতায়ন, নিরাপদ গণপরিবহন এবং টেকসই সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের আশা, পিঙ্ক বাস সার্ভিস চালু হলে দেশের নগর পরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে এবং নারী যাত্রীদের জন্য একটি নিরাপদ ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে উঠবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11418 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 10:28:17 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh