• হোম > অর্থনীতি > বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

  • বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১৪:৫৯
  • ১০৬

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

সংবাদ:
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্যমান ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে তা বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যা ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে প্রযোজ্য হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এ প্রস্তাব উপস্থাপন করা হবে।

এছাড়া প্রথমবারের মতো ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য পাঁচ বছরের দীর্ঘমেয়াদি আয়কর রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে সরকার। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে ২০৩০-৩১ করবর্ষ পর্যন্ত করমুক্ত আয়সীমা ও করহার আগাম নির্ধারণের পরিকল্পনা রাখা হয়েছে।

বিশেষ শ্রেণির করদাতাদের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তাব এসেছে। নারী করদাতা ও ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ নাগরিকদের (সিনিয়র সিটিজেন) জন্য করমুক্ত আয়সীমা ধাপে ধাপে ৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত করার প্রস্তাব রয়েছে।

একইভাবে তৃতীয় লিঙ্গের করদাতা ও প্রতিবন্ধী করদাতাদের ক্ষেত্রেও করমুক্ত আয়সীমা ধাপে ধাপে সর্বোচ্চ ৫ লাখ ৭৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়া গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং গণঅভ্যুত্থানের ‘জুলাই যোদ্ধাদের’ জন্য করমুক্ত আয়সীমা আরও বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা ধাপে ধাপে ৬ লাখ টাকা পর্যন্ত উন্নীত হতে পারে।

অন্যদিকে, প্রথমবারের মতো প্রতিবন্ধী ব্যক্তির পিতা-মাতা বা আইনানুগ অভিভাবকদের জন্য বিশেষ কর ছাড়ের প্রস্তাব রাখা হয়েছে। প্রত্যেক প্রতিবন্ধী সন্তান বা পোষ্যের জন্য অতিরিক্ত ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করমুক্ত হিসেবে গণ্য হবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11399 ,   Print Date & Time: Saturday, 10 October 2026, 12:13:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh