![]()
জাতির প্রত্যাশা ও জনগণের চাহিদাকে কেন্দ্র করে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) সকালে গুলশানে জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে জাতীয় বাজেট উপস্থাপিত হতে যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা অনেক বেশি। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি জানান, দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং মানুষের জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেটের বিভিন্ন দিক নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে হতদরিদ্র, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কথা মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে।
আমির খসরু বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। জাতির আকাঙ্ক্ষা, প্রত্যাশা, ভাবনা ও দর্শনকে সামনে রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি দাবি করেন, এই বাজেটে দেশের প্রতিটি নাগরিককে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হয়েছে এবং কেউ যেন উন্নয়নের ধারার বাইরে না থাকে, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে ধীরে ধীরে স্থিতিশীলতার পথে এগিয়ে যাওয়ার একটি সুস্পষ্ট প্রচেষ্টা এই বাজেটে প্রতিফলিত হয়েছে। সরকারের লক্ষ্য হলো অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত করা।