• হোম > খেলা > ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে নতুন ইতিহাস, তিন দেশে তিনটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান

২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে নতুন ইতিহাস, তিন দেশে তিনটি বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান

  • বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৬
  • ৮০

---

 

 

ই-বাংলাদেশ ডেস্ক

২০২৬ ফুটবল বিশ্বকাপে নতুন যুগের সূচনা, তিন দেশে তিনটি উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজুড়ে উৎসবের আমেজ

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হতে যাচ্ছে একেবারেই নতুন আঙ্গিকে। প্রায় এক শতাব্দীর বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথমবারের মতো তিনটি দেশ যৌথভাবে আয়োজন করছে ফুটবল মহাযজ্ঞ। আয়োজক দেশ হিসেবে রয়েছে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। শুধু আয়োজক দেশ নয়, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও এসেছে নজিরবিহীন পরিবর্তন। প্রথমবারের মতো একটি নয়, বরং তিনটি পৃথক শহরে অনুষ্ঠিত হচ্ছে তিনটি আলাদা উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে এতদিন উদ্বোধনী অনুষ্ঠান একটি দেশ ও একটি ভেন্যুতেই সীমাবদ্ধ ছিল। এমনকি ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করলেও উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল শুধুমাত্র সিউলে। কিন্তু ২০২৬ বিশ্বকাপ সেই ঐতিহ্য ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রথম উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ভেন্যু হিসেবে পরিচিত আজতেকা স্টেডিয়াম এরই মধ্যে উৎসবের সাজে সেজে উঠেছে।

মেক্সিকোর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য এবং লোকজ শিল্পকলার অনন্য সমন্বয় তুলে ধরা হবে। আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্পকর্ম এবং মেক্সিকান লোকজ পরিবেশনা বিশ্ব দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলতে উপস্থিত থাকবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা ও নাইজেরিয়ান গায়ক বার্না বয়। তারা পরিবেশন করবেন বিশ্বকাপের অফিসিয়াল সংগীত ‘ডাই ডাই (লেটস গো)’।

এছাড়া জে বালভিন, বেলিন্ডা, আলেহান্দ্রো ফার্নান্দেজ, ড্যানি ওশান, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আজুলস এবং মানার মতো জনপ্রিয় শিল্পীরাও অংশ নেবেন উদ্বোধনী অনুষ্ঠানে। দক্ষিণ আফ্রিকার সংগীতশিল্পী টাইলাও বিশেষ পরিবেশনা করবেন। বিশ্বকাপকে ঘিরে মেক্সিকো সরকার বিশেষ ছুটি ঘোষণা করেছে এবং সরকারি কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় উৎসবকে কেন্দ্র করে মেক্সিকো সিটি এখন রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ফুটবলপ্রেমীদের উন্মাদনা, সাংস্কৃতিক আয়োজন এবং বিশ্বব্যাপী দর্শকদের আগ্রহ এই বিশ্বকাপকে নতুন মাত্রা দিয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11362 ,   Print Date & Time: Thursday, 8 October 2026, 06:22:39 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh