• হোম > বাংলাদেশ > খালাস পেলেন নাসির-তামিমা

খালাস পেলেন নাসির-তামিমা

  • বুধবার, ১০ জুন ২০২৬, ১৩:৪০
  • ৪৬

খালাস পেলেন নাসির-তামিমা

ব্যভিচার ও প্রতারণার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় উভয়ই আদালতে উপস্থিত ছিলেন। আদালত রায়ে উল্লেখ করে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।

মামলাটিতে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে মোট ১০ জন সাক্ষী সাক্ষ্য দেন। তবে বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন না হওয়ায় আদালত আসামিদের খালাস দেন।

মামলার সূত্র অনুযায়ী, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি নাসির হোসেন ও তামিমা সুলতানার বিরুদ্ধে মামলা করেন তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান। অভিযোগে বলা হয়, বৈধভাবে বিবাহবিচ্ছেদ সম্পন্ন না করেই তামিমা নাসিরকে বিয়ে করেন।

পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে, যেখানে নাসির, তামিমা ও তামিমার মাকে অভিযুক্ত করা হয়।

২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। তবে তামিমার মায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর অবশেষে আদালত আজ রায় ঘোষণা করে দুজনকেই অভিযোগ থেকে অব্যাহতি দেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11324 ,   Print Date & Time: Friday, 11 September 2026, 05:32:30 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh