![]()
জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের বিরতির সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ঋতুপর্ণার হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।
এর আগেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২০২৫ সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য আর্থিক সংকট দেখা দিলে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহায়তা প্রদান করা হয়। সে সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন রাঙামাটির দুর্গম এলাকায় অবস্থিত ঋতুপর্ণার বাড়িতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেন।
বাংলাদেশ নারী ফুটবলের সফলতার পেছনে ঋতুপর্ণা চাকমা অন্যতম গুরুত্বপূর্ণ নাম। ২০২২ ও ২০২৪ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ে তিনি দলের অন্যতম ভরসার প্রতীক ছিলেন। এছাড়া ২০২৫ সালে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে বাংলাদেশের জায়গা করে নেওয়ার অভিযানে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
পার্বত্য অঞ্চলের একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন ঋতুপর্ণা। তার সাফল্য আজ দেশের হাজারো নারী ফুটবলারের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।