![]()
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে মস্কোতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময়ের কথা রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক সংলাপ ও উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় তাদের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবেও উল্লেখ করেছে মস্কো।
বৈঠকের অংশ হিসেবে দুই পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য, জ্বালানি, শিক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতা নিয়েও আলোচনা করবেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ নিয়মিতভাবে ২০০ কোটি ডলারের বেশি রয়েছে, যেখানে রাশিয়া মূলত বাংলাদেশে শিল্প সরঞ্জাম, সার ও গম রপ্তানি করে এবং বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও সামুদ্রিক খাদ্য আমদানি করে।
এই সহযোগিতার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকল্পটির প্রথম ইউনিট ইতোমধ্যে চালু হয়েছে এবং দ্বিতীয় ইউনিটও চলতি বছরের মধ্যে উৎপাদনে আসতে পারে বলে আশা করা হচ্ছে। পূর্ণ সক্ষমতায় চালু হলে এটি বাংলাদেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১০ শতাংশ সরবরাহ করতে পারবে।
এছাড়া শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে রাশিয়া ২০২৫–২৬ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ১৮৫টি বৃত্তি বরাদ্দের ঘোষণা দিয়েছে। সফরের অংশ হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলির ফেডারেশন কাউন্সিলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।