![]()
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শিশু রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করতে ডেথ রেফারেন্স শুনানি আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই অগ্রাধিকার ভিত্তিতে এগিয়ে আনার বিষয়ে সুপ্রিম কোর্ট ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দৃষ্টি আকর্ষণ করা হবে। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি রামিসা হত্যা মামলার বিচারিক প্রক্রিয়াকে দেশের বিচারব্যবস্থা ও পুলিশি তদন্তের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষা, ময়নাতদন্ত, তদন্ত সম্পন্ন এবং আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। পাশাপাশি বিচারক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঈদের ছুটির মধ্যেও দায়িত্ব পালন করে বিচারিক কার্যক্রম এগিয়ে নিয়েছেন, যা রাষ্ট্রীয় দায়িত্ববোধের একটি উল্লেখযোগ্য উদাহরণ।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাম্প্রতিক সময়ে আলোচিত কয়েকটি জটিল মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তারে পুলিশ বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। এসব সফল অভিযানে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ভালো কাজের যেমন স্বীকৃতি দেওয়া হবে, তেমনি দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িতদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, গোয়ালন্দ ঘাটে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের তৎপরতায় বহু যাত্রীর প্রাণ রক্ষা পেয়েছে এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি কিশোরী হত্যার রহস্যও দ্রুত উদ্ঘাটন করা হয়েছে। এসব ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের কাজ বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৮ জুন থেকে নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত হত্যা এবং অন্যান্য নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। তিনি জানান, সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, অপরাধ ও মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবেই পরিচালিত হচ্ছে। তবে কৌশলগত কারণে অনেক সময় এসব অভিযানের তথ্য আগাম প্রকাশ করা হয় না। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া প্রতিরোধে বিদ্যমান আইনের দুর্বলতা দূর করতে সরকার আধুনিক ও সময়োপযোগী আইন প্রণয়নের কাজ করছে। এসব সংস্কার সম্পন্ন হলে অপরাধীদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।