• হোম > আইন বিভাগ | নির্বাহী বিভাগ | বাংলাদেশ | বিচার বিভাগ > রামিসা ধর্ষণ-হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ডের রায় ৩ মাসের মধ্যে কার্যকর সম্ভব: আইনমন্ত্রী

রামিসা ধর্ষণ-হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ডের রায় ৩ মাসের মধ্যে কার্যকর সম্ভব: আইনমন্ত্রী

  • রবিবার, ৭ জুন ২০২৬, ১৬:০০
  • ৮৩

রামিসা ধর্ষণ-হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ডের রায় ৩ মাসের মধ্যে কার্যকর সম্ভব: আইনমন্ত্রী

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় আগামী তিন মাসের মধ্যে কার্যকর করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানিয়েছেন, মামলার ডেথ রেফারেন্স ও আপিল প্রক্রিয়া দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করলে নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত রায় কার্যকর করার প্রক্রিয়া সম্পন্ন করা যেতে পারে।

রোববার আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সাত দিনের মধ্যে মামলার নথি ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে পাঠানো হবে। এরপর মামলার পেপার বুক প্রস্তুত করা হবে, যা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পরবর্তী সময়ে ডেথ রেফারেন্স, আপিল এবং সংশ্লিষ্ট অন্যান্য আবেদন নিষ্পত্তির মাধ্যমে মামলাটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে।

উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারের কাছে হস্তান্তর করতে হবে এবং অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ আদায় করা হবে।

রোববার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মামলাটি বিচার শুরুর পর মাত্র পাঁচ কার্যদিবসের মধ্যেই রায়ের পর্যায়ে পৌঁছায়, যা দেশের বিচারিক ইতিহাসে দ্রুততম বিচারপ্রক্রিয়াগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11188 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 04:38:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh