![]()
দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩২ শিশু। শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকায় দুই শিশু এবং সিলেটে এক শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে ৫২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর আরও ৯১ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বর্তমানে ৬১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৭৭ হাজার ৭৯১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আক্রান্তদের মধ্যে ৬৩ হাজার ১৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ শিশু।
এদিকে, একই সময়ের মধ্যে পরীক্ষার মাধ্যমে ৯ হাজার ৬২০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শিশুদের টিকাদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।