• হোম > বাংলাদেশ > ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে: মির্জা ফখরুল

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে: মির্জা ফখরুল

  • শনিবার, ৬ জুন ২০২৬, ১৭:২৮
  • ৭১

ঢাকার উন্নয়নে সরকার ও মন্ত্রণালয় সব সহযোগিতা করবে: মির্জা ফখরুল

ঢাকার পরিবেশ ও বাসযোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর পদক্ষেপের মাধ্যমে রাজধানীকে বসবাসের উপযোগী নগরীতে পরিণত করতে হবে। শনিবার রাজধানীর বিজয়নগরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে ‘দক্ষিণের জানালা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি জানান, সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ধরনের কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানে ব্যক্তিগত অনুভূতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, অনেক সময় তার মনে হয় ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গিয়ে বসবাস করবেন। কারণ, ঘর থেকে বের হলেই দূষিত বাতাস ও পরিবেশের মুখোমুখি হতে হয়। তিনি বলেন, সিটি করপোরেশন স্থানীয় সরকারের একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানে দায়িত্বশীলতা, দেশপ্রেম ও সুদূরপ্রসারী চিন্তার সঙ্গে কাজ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, শুধুমাত্র নাগরিকদের সচেতন করলেই ঢাকার সমস্যা সমাধান সম্ভব নয়। যারা নীতি নির্ধারণ ও নগর ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, তাদের পরিকল্পিত ও জবাবদিহিমূলক কর্মকাণ্ড নিশ্চিত করতে হবে। রাজধানীতে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলেও সেসব প্রকল্পের সুফল নগরবাসী কতটা পাচ্ছে, তা মূল্যায়ন করা জরুরি। একই সঙ্গে বাসযোগ্য নগর গড়ে তুলতে কার্যকর পরিকল্পনা ও কাঠামোগত পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ছাত্রজীবনের স্মৃতিচারণা করে মন্ত্রী বলেন, একসময় বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘুরে বেড়ানো যেত, কিন্তু বর্তমানে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দূষিত যে সেখানে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তিনি আক্ষেপ করে বলেন, নদীগুলোকে দূষণমুক্ত করতে প্রয়োজনীয় ও কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে।

মির্জা ফখরুল আরও বলেন, বিপুল অর্থ ব্যয়ে ড্রেন নির্মাণ করা হলেও রাজধানীর পানিনিষ্কাশন ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। পাশাপাশি ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়াকে তিনি ঢাকার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম, পরিবেশ ও পানিসম্পদ বিশেষজ্ঞ আইনুন নিশাত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার এবং নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খানসহ বিভিন্ন বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11132 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 03:05:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh