![]()
ডেঙ্গু প্রতিরোধে আরও কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী দুই থেকে তিনদিনের মধ্যে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। যেসব প্রতিষ্ঠান বা স্থাপনায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া যাবে, সেসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা করা হবে। শনিবার সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবর-এ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ তুলনামূলক বেশি ভয়াবহ হতে পারে। চিকিৎসকদের আশঙ্কা, এবার হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি রয়েছে, যার ফলে আক্রান্ত রোগীদের রক্তক্ষরণও হতে পারে। তাই পরিস্থিতি জটিল হওয়ার আগেই সবাইকে সচেতন হওয়ার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী, দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের দায়িত্ব যেমন রয়েছে, তেমনি সিটি করপোরেশনেরও সমান দায়িত্ব রয়েছে। জনগণ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করলে ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।