![]()
বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে এবং সেগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপন করেন।
সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের দ্রুত বন্ধ কারখানাগুলো চালু করার পাশাপাশি অলাভজনক শিল্পপ্রতিষ্ঠানগুলোকে লাভজনক করার জন্য কার্যকর কৌশল নির্ধারণের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি এসব প্রতিষ্ঠানে দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
কর্মকর্তারা জানান, কারখানাগুলো পুনরুজ্জীবিত করা এবং সেগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।
সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।