• হোম > অর্থনীতি | বাংলাদেশ > বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

  • বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ১৫:৩০
  • ৬৭

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ সিইও মাসুদ খান।

আজ বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী আগামী চার বছরের জন্য তিনি বিএসইসি চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

একই প্রজ্ঞাপনে কমিশনের আরও তিনজন নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিক। তারাও চার বছরের জন্য দায়িত্ব পেয়েছেন।

এর আগে আজ সকালে বিএসইসির বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং চার কমিশনার—মো. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন—পদত্যাগ করেন। তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

বিদায়ী চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন এবং দায়িত্বকালে বাজারে শৃঙ্খলা ও সংস্কারের জন্য বিভিন্ন বিধিমালা প্রণয়ন ও খসড়া প্রস্তুতের কাজ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11045 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 12:19:23 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh