• হোম > আইন বিভাগ | দেশজুড়ে | বাংলাদেশ | বিচার বিভাগ > শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক আজ, জানা যাবে রায় ঘোষণার তারিখ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক আজ, জানা যাবে রায় ঘোষণার তারিখ

  • বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ১২:২০
  • ৫২

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় যুক্তিতর্ক আজ, জানা যাবে রায় ঘোষণার তারিখ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আজ দিন ধার্য রয়েছে। শুনানি শেষে আদালত মামলার রায়ের তারিখ ঘোষণা করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আসামিদের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, প্রধান আসামি সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে এবং অপর আসামি স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়েছে। পরে তাদের মহানগর হাজতখানায় রাখা হয়। সকাল ১১টার দিকে তাদের আদালতে তোলা হওয়ার কথা।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ৩ জুন অনুষ্ঠিত আত্মপক্ষ সমর্থনের শুনানিতে সোহেল রানা নিজেকে দোষী নয় বলে দাবি করলেও আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। অন্যদিকে স্বপ্না আক্তার নিজেকে নির্দোষ দাবি করেন।

আজকের শুনানিতে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আজিজুর রহমান দুলু এবং আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ যুক্তিতর্ক উপস্থাপন করবেন।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান গত ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে সোহেল রানা ও স্বপ্না আক্তারকে অভিযুক্ত করা হয়। পরে অভিযোগপত্র গ্রহণ করে মামলাটি বিচারের জন্য শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী রামিসা আক্তার (৮) স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। গত ১৯ মে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেন। ঘটনাটিকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনার পরদিন প্রধান আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অপর আসামি স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

মামলাটির বিচার কার্যক্রম দ্রুতগতিতে সম্পন্ন হওয়ায় আজকের যুক্তিতর্ককে মামলার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। আদালত আজ শুনানি শেষে রায় ঘোষণার দিন নির্ধারণ করতে পারেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11031 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 05:48:44 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh