• হোম > বাংলাদেশ > প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ১০:৪৯
  • ৬৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

ডিএনডি বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা এবং এর টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) জানান, বৈঠকে ডিএনডি এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতার কারণ, বিদ্যমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ২০১৬ সালে ডিএনডি এলাকার জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প গ্রহণ করা হলেও ২০২৪ সালে শেষ হওয়া সেই প্রকল্পের সুফল এখনো পুরোপুরি জনগণের কাছে পৌঁছায়নি। তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।

মন্ত্রী আরও বলেন, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থা আধুনিক ও কার্যকর করতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে প্রায় ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়নের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে এবার জলাবদ্ধতা সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে।

বৈঠকে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/11021 ,   Print Date & Time: Monday, 28 September 2026, 01:23:34 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh