![]()
দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে ৫৫ জন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৯০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৫১১ জন শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২১০ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ১ হাজার ৫২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি হওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ৩৮৪ জন ঢাকা বিভাগের।
একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ১৩০ জন শিশু হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই রয়েছে ৪৩৯ জন শিশু।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৭৪ হাজার ৫৭২ জন শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬০ হাজার ১৫৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ৯ হাজার ১৯১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৫ হাজার ৯৪২ জন শিশু।