• হোম > বাংলাদেশ > ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

  • বুধবার, ৩ জুন ২০২৬, ১৭:১১
  • ৫৮

ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে এবং এর ফল ইতোমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে।

বুধবার (৩ জুন) ঠাকুরগাঁওয়ের রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্প্রতি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (এনআইসিএআর) সভায় রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় স্থানীয়ভাবে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, স্বল্প সময়ের মধ্যেই সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু এবং একটি ইপিজেড প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এসব পদক্ষেপ সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, গত তিন মাসে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় ৭২ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে। জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম দেশের অন্যান্য এলাকাতেও অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়াকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা উচিত। এটি বাংলাদেশের মর্যাদা ও কূটনৈতিক সক্ষমতার প্রতিফলন।

তবে উন্নয়নের পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রও চলছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের অপতৎপরতা মোকাবিলায় তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, মাদক, দুর্নীতি, অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং আগামী বাংলাদেশের নেতৃত্ব তরুণদের হাতে তুলে নিতে হবে।

রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। এর আগে সকালে রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়কে অস্থায়ী উপজেলা পরিষদ কার্যালয় হিসেবে উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10992 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:41:22 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh