![]()
জুলাই অভ্যুত্থানের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে সাবেক মন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বাকি ছয়টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
দীপু মনি বর্তমানে একাধিক মামলার আসামি। তিনি আওয়ামী লীগের টানা শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের পর সরকারের পতনের পর ১৯ আগস্ট ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বর্তমানে ৩৮টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতায় উসকানির অভিযোগও রয়েছে।