• হোম > বাংলাদেশ > ১৭ বছরের দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

১৭ বছরের দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

  • বুধবার, ৩ জুন ২০২৬, ১৫:০৫
  • ৬৩

১৭ বছরের দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো কাজ হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলার কারণে দেশের স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। তিনি এই অবস্থা থেকে বেরিয়ে এসে একটি দুর্নীতিমুক্ত ও কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রী দেশের শিশু ও নারী স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং বড় হাসপাতালগুলোর অবকাঠামো সংস্কারসহ একাধিক মেগা প্রকল্পের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, দেশের পাঁচটি বিভাগ—খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হবে, যা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে উদ্বোধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রতিটি হাসপাতালে ১ হাজার ৪৭৫ জন জনবল প্রয়োজন হবে এবং পূর্ণ জনবল নিশ্চিত করতে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালগুলোতে আধুনিক আইসিইউ সুবিধা ও সেন্ট্রাল এসি ব্যবস্থা থাকবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিটফোর্ড হাসপাতালের উন্নয়ন নিয়েও পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ঢাকা মেডিকেলে শিক্ষার্থী ও চিকিৎসকদের আবাসন সংকট নিরসনে ১ হাজার ১০০ কোটি টাকার বেশি ব্যয়ে নতুন আবাসিক ভবন নির্মাণ করা হবে, যার দরপত্র শিগগিরই আহ্বান করা হবে। একইসঙ্গে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে সেখানে আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এছাড়া চীনের অর্থায়নে দেশের পাঁচটি বড় শহরে ১ হাজার শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত নারী হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন তিনি। এসব হাসপাতাল মাতৃস্বাস্থ্য ও নারী চিকিৎসাসেবায় বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিনি আরও জানান, স্বাস্থ্য খাতে চলমান বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগামী মাসগুলোতে একাধিক নতুন অবকাঠামো উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10986 ,   Print Date & Time: Friday, 25 September 2026, 10:02:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh