![]()
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শেষ হয়েছে। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে বুধবার (৩ জুন) আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে উপস্থিত করে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানির শুরুতে বিচারক ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও ১৬ জন সাক্ষীর সাক্ষ্য পড়ে শোনান এবং তাদের কাছে জানতে চান, তারা দোষী নাকি নির্দোষ। জবাবে আসামি সোহেল রানা নিজেকে নির্দোষ দাবি করে খালাস চান এবং দাবি করেন, তার কাছে থাকা “ডলার” কেউ দেখেনি। একইসঙ্গে তিনি অন্য একজনকে দায়ী করে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলেন।
অন্যদিকে তার স্ত্রী স্বপ্না খাতুনও নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন, তিনি কোনো অপরাধে জড়িত নন।
শুনানি শেষে আদালত মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ জুন) দিন ধার্য করেন।