• হোম > বাংলাদেশ > জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

  • বুধবার, ৩ জুন ২০২৬, ১১:০৫
  • ৭১

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, “জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন।”

তিনি বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতি আস্থার প্রতিফলন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ড. খলিলুর রহমান গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, সহযোগিতা ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তারেক রহমান আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ড. খলিলুর রহমানের নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। ভোটাভুটিতে অংশ নেওয়া ১৯০টি দেশের মধ্যে তিনি ৯৯ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস. কাকোরিস পেয়েছেন ৯১ ভোট।

আগামী ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে এবং ওই অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন ড. খলিলুর রহমান।

এই নির্বাচনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের একজন প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10961 ,   Print Date & Time: Thursday, 19 November 2026, 06:08:59 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh