![]()
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রামিসা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলাকালে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভিকটিমের বোন রাইসা আক্তারের সাক্ষ্য ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে গ্রহণ করা হয়েছে। মামলার প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু আদালতে আবেদন জানান, রাইসা আক্তারের বয়স ১৬ বছর এবং তিনি বর্তমানে মানসিকভাবে ট্রমায় আছেন। তাই জনসমক্ষে সাক্ষ্য দিতে তিনি বিব্রত হতে পারেন—এই বিবেচনায় তার সাক্ষ্য ক্যামেরা কোর্টে গ্রহণের অনুরোধ করা হয়।
ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করলে আদালত রাইসা আক্তারের সাক্ষ্য ক্যামেরার মাধ্যমে গ্রহণ করে। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে মামলার পরবর্তী পর্যায়ে ভিকটিমের চাচি মাহমুদা আক্তারের সাক্ষ্যগ্রহণ শুরু হয়।