• হোম > বিদেশ > এয়ারবিএনবি’তে বাসা নিয়ে গোপনে রোবট পরীক্ষা ও ভাঙচুর, মামলা

এয়ারবিএনবি’তে বাসা নিয়ে গোপনে রোবট পরীক্ষা ও ভাঙচুর, মামলা

  • মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৪:১১
  • ৬৬

এয়ারবিএনবি’তে বাসা নিয়ে গোপনে রোবট পরীক্ষা ও ভাঙচুর, মামলা

ঘরের দৈনন্দিন কাজের জন্য রোবট তৈরির পরীক্ষার আড়ালে ভাড়া নেওয়া একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রভিত্তিক রোবোটিক্স স্টার্টআপ Bot Company–এর বিরুদ্ধে। এ ঘটনায় কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছেন এক এয়ারবিএনবি হোস্ট।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকোর একটি এয়ারবিএনবি বাসা ভাড়া নিয়ে সেখানে গোপনে রোবটের প্রোটোটাইপ পরীক্ষা চালানোর অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। পরীক্ষার পর বাসাটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় রেখে যাওয়া হয় বলে দাবি করেছেন মালিক।

বাড়ির মালিক শন ডনোভান Sean Donovan সান ফ্রান্সিসকো কাউন্টি সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় ১২ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ দাবি করেছেন।

মামলার নথি অনুযায়ী, গত বছর প্রায় ২০০ কোটি ডলার মূল্যায়ন পাওয়া স্টার্টআপটি চলতি বছরের এপ্রিলে দুই সপ্তাহের জন্য বাড়িটি ভাড়া নেয়। বুকিংয়ের সময় তারা নিজেদের থাইল্যান্ড থেকে আসা রিমোট কর্মী হিসেবে পরিচয় দেয়। তবে বাস্তবে সেখানে মালিকের অনুমতি ছাড়াই বাণিজ্যিক গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রোবোটিক প্রোটোটাইপ পরীক্ষা এবং বাণিজ্যিক উদ্দেশ্যে ভিডিও ও ছবি ধারণও ছিল।

মামলায় আরও বলা হয়েছে, ভাড়ার সময়কালে অনুমতি ছাড়া ৩০ জনের বেশি ব্যক্তি বাড়িটিতে প্রবেশ করেন। এতে দেয়াল, মেঝে, আসবাবপত্র ও গৃহস্থালি যন্ত্রপাতির ক্ষতি হয়। পাশাপাশি ব্যক্তিগত কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়ার এবং তালাবদ্ধ আলমারিতে অননুমোদিত প্রবেশের অভিযোগও তোলা হয়েছে।

এ বিষয়ে ইন্ডিপেনডেন্টের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি বট কোম্পানি।

ডনোভান জানান, অতিথিরা যখন বাড়িটি বুক করেন, তখন নিজেদের থাইল্যান্ডভিত্তিক রিমোট কর্মী বলে পরিচয় দিয়েছিলেন। তিনি বলেন, নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রে সাধারণত হোস্টরা সতর্ক থাকেন, বিশেষ করে যখন তাদের কোনো রিভিউ বা রেটিং থাকে না। তবে সবাইকে কোনো না কোনো সময় থেকে শুরু করতে হয় বলেই তিনি বুকিংটি অনুমোদন করেছিলেন।

পরে বাসা পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য গেলে তিনি সন্দেহজনক কিছু বিষয় লক্ষ্য করেন। তার ভাষ্য অনুযায়ী, বাড়ির বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার বসানো হয়েছিল এবং সেখানে একজন ব্যক্তি ল্যাপটপে কাজ করছিলেন। তার পাশে থাকা একটি যন্ত্রকে তিনি বিজ্ঞান কল্পকাহিনি সিরিজ ‘স্টার ট্রেক’-এর সাইবর্গ চরিত্রের সঙ্গে তুলনা করেন।

ডনোভানের অভিযোগ, পরীক্ষার সময় ডিশওয়াশার, রেফ্রিজারেটর ও ওয়াশিং মেশিনে আঁচড়ের সৃষ্টি করা হয়। এমনকি ডিশওয়াশারের র্যাকও বাঁকিয়ে ফেলা হয়েছিল।

তিনি আরও বলেন, যদি কোম্পানিটি বৈধভাবে বাণিজ্যিক চিত্রধারণ বা করপোরেট কার্যক্রমের জন্য বাড়িটি ভাড়া নিতে চাইত, তাহলে তিনি প্রতি ঘণ্টায় ২০০ থেকে ৩০০ ডলারের বিনিময়ে সেই সুযোগ দিতে প্রস্তুত ছিলেন। কিন্তু প্রতিষ্ঠানটি সেই পথ অনুসরণ করেনি।

উল্লেখ্য, বট কোম্পানির লক্ষ্য হলো এমন উন্নত রোবট তৈরি করা, যা মানুষের ঘরের দৈনন্দিন কাজকর্মে সহায়তা করতে পারে। কোম্পানিটির নেতৃত্বে রয়েছেন Kyle Vogt, যিনি এর আগে স্বচালিত যানবাহন প্রতিষ্ঠান Cruise প্রতিষ্ঠা করেছিলেন। একসময় প্রতিষ্ঠানটিকে Waymo–এর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হতো।

তবে পরবর্তীতে সান ফ্রান্সিসকোতে একাধিক ঘটনার পর ক্যালিফোর্নিয়ায় ক্রুজের স্বচালিত যান পরিচালনার অনুমতি সাময়িকভাবে স্থগিত করা হয়।

এদিকে স্থানীয় সংবাদমাধ্যম ‘সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ড’-এর বিশ্লেষণে দেখা গেছে, একই ভাড়াটিয়াদের বিরুদ্ধে অন্তত আরও ১২ জন এয়ারবিএনবি হোস্ট নেতিবাচক রিভিউ দিয়েছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10921 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 03:05:10 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh