• হোম > ক্রিকেট | ফুটবল > টানা দুই আসরে বিপর্যয়ের পর ফিরবে কি জার্মানি

টানা দুই আসরে বিপর্যয়ের পর ফিরবে কি জার্মানি

  • মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১০:৫৯
  • ৭৫

টানা দুই আসরে বিপর্যয়ের পর ফিরবে কি জার্মানি

এক যুগ আগে ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় অধ্যায় রচনা করেছিল জার্মানি। সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলে বিধ্বস্ত করার পর ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিল ‘ডি ম্যানশাফট’।

কিন্তু সেই গৌরবের পরই শুরু হয় অবিশ্বাস্য পতন। ২০১৮ সালে রাশিয়া এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে এবার প্রশ্ন একটাই—জার্মানি কি আবারও ব্যর্থতার বৃত্তে আটকে থাকবে, নাকি ফিরে পাবে হারানো মর্যাদা?

বিশ্বকাপ ইতিহাসে চারটি শিরোপা, চারবার রানার্সআপ ও চারবার সেমিফাইনালিস্ট হিসেবে জার্মানি বিশ্বের অন্যতম সফল দল। কেবল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলই তাদের চেয়ে এগিয়ে। তবু সাম্প্রতিক দুই আসরের ব্যর্থতা জার্মান ফুটবলকে গভীর আত্মসমালোচনার মুখে ঠেলে দেয়।

এই পরিস্থিতিতে দলের দায়িত্ব পান তরুণ কোচ হুলিয়ান নাগেলসম্যান। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে তিনি শুরু করেন পুনর্গঠনের কাজ। ঘরের মাঠে অনুষ্ঠিত ইউরো ২০২৪-এ জার্মানি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছালেও শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন স্পেনের কাছে বিদায় নিতে হয়।

তবে বিশ্বকাপের আগে দলটির ফর্ম আশাবাদ জাগাচ্ছে। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে ফিনল্যান্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। ম্যাচটিতে বেশ কয়েকজন নিয়মিত তারকাকে বিশ্রাম দেওয়া হলেও দাপুটে পারফরম্যান্স দেখায় দলটি।

জয়ের নায়ক ছিলেন ডেনিজ উনদাভ। দুটি গোল করার পাশাপাশি একটি গোলে সহায়তাও করেন তিনি। ইনজুরি কাটিয়ে ফেরা জামাল মুসিয়ালাও গোল করে নিজের প্রস্তুতির জানান দিয়েছেন। এছাড়া তরুণ প্রতিভা লেনার্ট কার্লের পারফরম্যান্সও নজর কেড়েছে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে ওঠা ১৮ বছর বয়সী এই ফুটবলারকে বিশ্বকাপে জার্মানির সম্ভাব্য চমক হিসেবে দেখা হচ্ছে।

ফিনল্যান্ডের বিপক্ষে জয়ের পর নাগেলসম্যান বলেন, “আমরা এই ছন্দ ধরে রাখতে চাই। সবচেয়ে ইতিবাচক বিষয় হলো, আমাদের দলকে দেখলে মনে হয় যেকোনো মুহূর্তে গোল করতে পারে।”

বিশ্বকাপের আগে অভিজ্ঞতার ওপরও ভরসা রাখছেন জার্মান কোচ। অবসরের দুই বছর পর ৪০ বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনা হয়েছে। সিদ্ধান্তটি বিস্ময় সৃষ্টি করলেও নাগেলসম্যান মনে করেন, নয়্যারের অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।

২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে এবারও বিশ্বকাপ খেলবেন নয়্যার। এটি হবে তার পঞ্চম বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচ খেলা এই অভিজ্ঞ গোলরক্ষককে নিয়ে নাগেলসম্যান বলেন, “নয়্যার দলে বিশেষ মান যোগ করবে। গোলকিপার পজিশন নিয়ে আমাদের কোনো উদ্বেগ নেই।”

অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া বর্তমান জার্মান দলের গড় বয়স ২৭.৯৮ বছর, যা ২০০২ সালের পর তাদের সবচেয়ে বেশি। দলের নেতৃত্বে থাকবেন বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার জশুয়া কিমিখ।

এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ কুরাসাও, আইভরি কোস্ট ও একুয়েডর। রাশিয়া বিশ্বকাপে মেক্সিকো এবং কাতার বিশ্বকাপে জাপানের কাছে হেরে শুরুর ধাক্কা সামলাতে পারেনি তারা। তবে এবার প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল কুরাসাওয়ের মুখোমুখি হওয়ায় আত্মবিশ্বাসী থাকতে পারছে জার্মানরা।

কাগজে-কলমে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট নিশ্চিত করার মতো শক্তি ও গভীরতা জার্মান দলের রয়েছে। এখন দেখার বিষয়, নাগেলসম্যানের নতুন জার্মানি কি টানা দুই বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষ শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে কিনা।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10913 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 11:39:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh