• হোম > বাংলাদেশ | রাজনীতি > প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন

  • মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১০:৫৩
  • ৬৩

প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ১০টি নির্দেশনার কার্যকর বাস্তবায়নের ফলে এবারের ঈদুল আজহার ব্যবস্থাপনায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন জানান, ঈদ উপলক্ষে সরকার ১০টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। এর মধ্যে ছিল নির্বিঘ্ন ঈদযাত্রা, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, গণপরিবহনে শৃঙ্খলা, চাঁদাবাজি ও সিন্ডিকেট দমন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা।

তিনি বলেন, এসব উদ্যোগের সমন্বিত বাস্তবায়নের ফলে রাষ্ট্রীয় সেবার মান উন্নত হয়েছে এবং জনগণ প্রশাসনের প্রতি আস্থার নতুন বার্তা পেয়েছে।

মাহদী আমিন আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় কয়েক মাসে দূর করা সম্ভব না হলেও জনগণ এবার উপলব্ধি করেছে যে সরকার তাদের প্রয়োজন ও সমস্যার প্রতি সংবেদনশীল। তিনি দাবি করেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে অনুষ্ঠিত প্রথম ঈদুল আজহায় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও প্রশাসনের সর্বস্তরে সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতা দেখা গেছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটিতেও নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করেছেন। ঈদের পরদিন তিনি নিজে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য যাচাই ছাড়া প্রচার না করার বিষয়ে গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব নাজমুল হক খান ও আবদুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10909 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 10:07:16 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh