![]()
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে পদ থেকে সরানোর কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি এবং আন্দোলনের কারণে কোনো ধরনের নিয়োগ পরিবর্তনের সম্ভাবনাও নেই। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব প্রক্রিয়া ও নীতিমালার ভিত্তিতেই কাজ করে এবং কোনো আন্দোলনের চাপে সিদ্ধান্ত পরিবর্তন করা হবে না।
এদিকে চেয়ারম্যান নিয়োগ বাতিলের দাবিতে সোমবার (১ জুন) সকালে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের ব্যানারে একদল ব্যক্তি রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে, এতে কয়েকজন আহত হন বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরও বলেন, আন্দোলন বা চাপের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করা হলে ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, তাই কেন্দ্রীয় ব্যাংক তার অবস্থান থেকে সরে আসবে না।
এর আগে ২৪ মে বাংলাদেশ ব্যাংক মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের পর থেকেই এ সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া ও আন্দোলন চলছে। এর আগের দিন ব্যাংকের অন্তর্বর্তী চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন।
এ ঘটনায় ইসলামী ব্যাংকের সামনে পুলিশের অভিযানের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বলপ্রয়োগ করেছে এবং গ্রাহকদের দাবির প্রতি তিনি সমর্থন জানিয়েছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।