![]()
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আন্দোলন আরও তীব্র করেছে ‘সচেতন গ্রাহক ফোরাম’। সোমবার (১ জুন) সকালে রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে তারা এসব দাবি উত্থাপন করেন এবং দাবি না মানা হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন।
আন্দোলনকারীদের ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমকে অবিলম্বে অপসারণ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহাল, বাংলাদেশ ব্যাংকের জন্য নতুন গভর্নর নিয়োগ বা বর্তমান গভর্নরের পদত্যাগ নিশ্চিত করা, পূর্বে অনিয়মের অভিযোগে চাকরিচ্যুত কর্মীদের ব্যাংক এলাকায় প্রবেশ নিষিদ্ধ করা এবং এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা।
আন্দোলনকারীদের অভিযোগ, নতুন চেয়ারম্যান খুরশীদ আলম বিতর্কিত একটি ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত, যা ব্যাংকের স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তারা দাবি করেন, সাধারণ গ্রাহকদের আমানত ও স্বার্থ রক্ষার জন্যই তারা এই আন্দোলনে নেমেছেন।
অন্যদিকে, একই কর্মসূচির সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ব্যাংক এলাকায় এখনো সতর্ক অবস্থান বজায় রাখা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।