![]()
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম ১৭ আসরে একবারও শিরোপা জিততে না পারলেও পরবর্তীতে নিজেদের ভাগ্য বদলে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। তারকাখচিত দল নিয়েও দীর্ঘদিন ব্যর্থতার বৃত্তে আটকে থাকা দলটি এবার টানা দ্বিতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল আহমেদাবাদে অনুষ্ঠিত ১৯তম আইপিএল ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে বেঙ্গালুরু।
ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে গুজরাট টাইটান্স বেঙ্গালুরুর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেটে ১৫৫ রানেই থেমে যায়। বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রাসিখ সালাম, যিনি ২৭ রানে ৩ উইকেট শিকার করেন। এছাড়া ভুবনেশ্বর কুমার ২৯ রানে ২টি এবং জশ হ্যাজেলউড ৩৭ রানে ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির দুর্দান্ত ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু। আইপিএলে নিজের দ্রুততম ফিফটি তুলে নেওয়া কোহলি ৪২ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৫ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেন। তাকে ভালো সমর্থন দেন ভেঙ্কটেশ আইয়ার, যিনি ১৬ বলে ৩২ রান করেন এবং টিম ডেভিড ১৭ বলে ২৪ রান যোগ করেন। দুই ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আরসিবি।
উল্লেখ্য, গত আসরের আগে রজত পাতিদারের হাতে অধিনায়কত্ব তুলে দিয়েছিল বেঙ্গালুরু। তার নেতৃত্বেই দলটি পরপর দুটি আইপিএল শিরোপা জিতে নতুন ইতিহাস গড়েছে।