• হোম > দেশজুড়ে > ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস

  • সোমবার, ১ জুন ২০২৬, ১১:৪৪
  • ৭৯

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষ নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকায় ফিরেছেন। রোববারও ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপও বেড়েছে। তবে বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি।

ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য কিছুটা কম থাকতে পারে। অনেক কর্মী এদিন সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কুশল আদান-প্রদানে সময় কাটাবেন। গত ২৮ মে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। ঈদ উপলক্ষে সরকার প্রথমে ছয় দিনের ছুটি ঘোষণা করলেও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পরে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। ফলে সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি ভোগের সুযোগ পান। একই সুবিধা পেয়েছেন ব্যাংক, বিমা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরাও। তবে অতিরিক্ত ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে সাপ্তাহিক ছুটির দিনেও সরকারি কর্মচারীদের অফিস করতে হয়েছে।

অন্যদিকে, জনস্বার্থে কিছু গুরুত্বপূর্ণ সেবা খাত ছুটির আওতার বাইরে ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর পরিচালনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা, ডাক বিভাগ এবং এসব খাতসংশ্লিষ্ট পরিবহন ও কর্মীরা নিয়মিত দায়িত্ব পালন করেছেন। এছাড়া হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী কর্মী এবং জরুরি দায়িত্বে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরাও ছুটির সুবিধার বাইরে থেকে সেবা প্রদান অব্যাহত রেখেছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10857 ,   Print Date & Time: Wednesday, 7 October 2026, 06:55:21 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh