![]()
দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য দেশে থাকতে দেওয়া হবে না এবং রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো দুঃসাহস দেখানো অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জঙ্গল সলিমপুর, সলিমপুর, আলীনগর ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে ওই অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং নিরাপত্তা অবকাঠামো জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় পরিকল্পিত সরকারি স্থাপনা ও বিভিন্ন একাডেমি নির্মাণের বিষয়েও আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে বর্তমান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার বায়েজিদ লিংক সড়কের পাশের এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা শিগগিরই সম্ভাব্য স্থান পরিদর্শন করবেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে শুধু পুলিশের নিয়মিত কার্যক্রম নয়, বরং র্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। প্রয়োজনে আকাশপথের সহায়তাও নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এবং বোয়ালখালীসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের তালিকা ও আস্তানা চিহ্নিত করা হচ্ছে। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এসব এলাকায় অপরাধ দমন কার্যক্রম পরিচালনা করা হবে।
ব্রিফিংয়ে তিনি গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়।
সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ডা. শাহাদাত হোসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।