• হোম > বাংলাদেশ > জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী

  • শনিবার, ৩০ মে ২০২৬, ১৭:২৮
  • ৭৫

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, খাদ্যসামগ্রী ও চিকিৎসাসেবা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দিনব্যাপী চলমান এ কর্মসূচির মাধ্যমে অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটির আরও ১৬টি স্থানে অনুরূপ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর মাধ্যমে বিএনপি প্রতিষ্ঠাতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহৎ পরিসরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এর আগে সকালে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি–তে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হাতে নিহত হন তিনি। বিএনপি প্রতিবছর দিনটিকে ‘শাহাদাত বার্ষিকী’ হিসেবে পালন করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10791 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 01:45:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh