• হোম > বাংলাদেশ > জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী

  • শনিবার, ৩০ মে ২০২৬, ১৪:৪৬
  • ৫৪

জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করছেন প্রধানমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র, খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অসচ্ছল ও নিম্নআয়ের মানুষের মাঝে বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

বিএনপির সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান দিনের বাকি সময়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আরও ১৬টি স্থানে আয়োজিত অনুরূপ কর্মসূচিতে অংশ নেবেন।

এর আগে সকালে শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি।

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে। এর মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা, খাদ্য ও বস্ত্র বিতরণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম।

উল্লেখ্য, ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিদ্রোহী সেনা কর্মকর্তার হামলায় তিনি নিহত হন। বিএনপি প্রতি বছর দিনটিকে ‘শাহাদাতবার্ষিকী’ হিসেবে পালন করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10781 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 12:28:13 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh