• হোম > বাংলাদেশ > ‘ক্ষমতার জন্য বিএনপি গড়িনি’: জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা

‘ক্ষমতার জন্য বিএনপি গড়িনি’: জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা

  • শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৪৬
  • ৫৯

‘ক্ষমতার জন্য বিএনপি গড়িনি’: জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর সঙ্গে কাটানো শেষ মুহূর্তের স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ১৯৮১ সালের ২৯ মে রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে একান্তে ডেকে পাঠিয়েছিলেন। সেই বৈঠকেই জিয়া তাঁকে বলেছিলেন, ‘আমি ক্ষমতার জন্য বিএনপি প্রতিষ্ঠা করিনি। আমার লক্ষ্য হলো দলের নেতা-কর্মীরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষক হিসেবে কাজ করবে।’

বাসসকে দেওয়া সাক্ষাৎকারে জাহাঙ্গীর আলম জানান, ওই রাতে প্রেসিডেন্টের পরনে ছিল সাদা পায়জামা ও টি-শার্ট। ব্যক্তিগত খোঁজখবর নেওয়ার পর তিনি বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে কথা বলেন এবং আদর্শিক ও দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জাহাঙ্গীর আলমের ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান বলেছিলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। এজন্য একটি সুসংগঠিত ও প্রশিক্ষিত কর্মীবাহিনী গড়ে তোলার ওপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। এ লক্ষ্যে প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার কথাও তিনি উল্লেখ করেন।

জাহাঙ্গীর আলম বলেন, সেদিন রাতের খাবারের পর প্রেসিডেন্ট স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে আলোচনা করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে আবার ডেকে ব্যক্তিগতভাবে বিভিন্ন বিষয়ে কথা বলেন।

তিনি স্মরণ করেন, আলোচনার এক পর্যায়ে তিনি প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন কেন তিনি বারবার দলের কর্মীদের দেশের রক্ষক হওয়ার কথা বলছেন। জবাবে জিয়াউর রহমান বলেছিলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলার জন্য প্রস্তুত থাকা প্রয়োজন।

জাহাঙ্গীর আলম জানান, ৩০ মে রাত দেড়টার দিকে তিনি ও তৎকালীন মহানগর বিএনপির সভাপতি এম সলিমুল্লাহ সার্কিট হাউস ত্যাগ করেন। বিদায়ের সময় তারা প্রেসিডেন্টকে সালাম জানান। পরবর্তীতে সেটিই হয়ে ওঠে তাদের সঙ্গে জিয়াউর রহমানের শেষ সাক্ষাৎ।

তিনি বলেন, কয়েক ঘণ্টা পরই একদল বিদ্রোহী সেনাসদস্য চট্টগ্রাম সার্কিট হাউসে হামলা চালায় এবং সেখানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

জাহাঙ্গীর আলম দাবি করেন, জিয়াউর রহমানের শেষ চট্টগ্রাম সফরকে দলীয় কোন্দল নিরসনের সফর হিসেবে যে প্রচার করা হয়, তা সঠিক নয়। তাঁর মতে, সফরটির উদ্দেশ্য ছিল দলকে আরও সুসংগঠিত করা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে জাতীয়তাবাদের আদর্শের সঙ্গে সম্পৃক্ত করা।

তিনি আরও বলেন, তৎকালীন গোয়েন্দা ও সামরিক মহলের কিছু সতর্কবার্তা থাকা সত্ত্বেও জিয়াউর রহমান চট্টগ্রাম সফরের সিদ্ধান্ত থেকে সরে আসেননি।

জিয়া হত্যাকাণ্ড প্রসঙ্গে জাহাঙ্গীর আলমের দাবি, এটি ছিল দেশি-বিদেশি ষড়যন্ত্রের অংশ। তিনি এ ঘটনার পূর্ণাঙ্গ বেসামরিক তদন্তের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিবছর দিনটি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10777 ,   Print Date & Time: Tuesday, 6 October 2026, 02:03:02 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh