• হোম > দেশজুড়ে > আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

  • বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ২১:৫৭
  • ৫১

আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে রাজধানীর আমিন বাজারের চামড়া বিক্রয় কেন্দ্র আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ বৃহস্পতিবার (২৮ মে) অনুষ্ঠিত এই পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খানও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী কাঁচা চামড়ার ক্রেতা, বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি বাজারের বর্তমান পরিস্থিতি, চামড়ার মূল্য নির্ধারণ, সংরক্ষণ ব্যবস্থা এবং সামগ্রিক বিপণন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

চামড়া শিল্পের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে চামড়া শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত এবং এ খাতসংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, চামড়া বিপণন প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম, সিন্ডিকেট বা অপচয় বরদাশত করা হবে না। এ বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্ত্রণালয় সূত্র জানায়, মৌসুমি ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতে কোরবানির চামড়ার ন্যায্য মূল্য পান এবং জাতীয় এই সম্পদ যথাযথভাবে সংরক্ষিত হয়, তা নিশ্চিত করতেই এই ঝটিকা পরিদর্শন পরিচালনা করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10720 ,   Print Date & Time: Friday, 9 October 2026, 07:10:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh