• হোম > আইন বিভাগ | বাংলাদেশ > সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করে দেয়া হবে

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করে দেয়া হবে

  • বুধবার, ২৭ মে ২০২৬, ১৪:৩২
  • ৪৯

---

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সন্ত্রাসীদের কোনো অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা নির্মূল করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গতকাল দুপুরে পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। র‍্যাব ও পুলিশের ওপর হামলার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এসব ঘটনা কঠোরভাবে দমন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়টি গভীরভাবে দেখা হচ্ছে এবং এ বিষয়ে দ্রুতই দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষায়, দেশে দীর্ঘদিন দুর্বৃত্তায়ন ও আইনের শাসনের ঘাটতি ছিল, তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে।

মন্ত্রী দাবি করেন, জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার ও দাগি আসামি গ্রেফতার করা হয়েছে। সেখানে ভবিষ্যতে পুলিশ একাডেমি, র‍্যাব একাডেমি ও ক্রীড়া কমপ্লেক্সসহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি জানান, ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত সারাদেশে নজরদারি ও জনবল বৃদ্ধি করা হয়েছে। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে বলেও তিনি জানান।

সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি টাঙ্গাইলের সাম্প্রতিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং বলেন, অধিকাংশ দুর্ঘটনা অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির কারণে ঘটছে।

পশুর হাটে জাল নোট প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় জাল নোট শনাক্তকারী মেশিন বসানো হয়েছে। অননুমোদিত হাট বসলে তা বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে এবং টোল প্লাজায় যানজট কমাতে ভবিষ্যতে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা চালুর বিষয়েও সরকার ভাবছে।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, কিছু এলাকায় বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা ঘটলেও তা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হচ্ছে এবং জাতীয় নিরাপত্তায় বড় ধরনের কোনো ঝুঁকি তৈরি হয়নি।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10654 ,   Print Date & Time: Saturday, 22 August 2026, 06:14:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh