• হোম > আইন বিভাগ | বাংলাদেশ > সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী

  • বুধবার, ২৭ মে ২০২৬, ১১:৪০
  • ৫৭

---

সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে। মঙ্গলবার সকালে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঈদের সাতদিন আগে থেকে সাতদিন পর পর্যন্ত মনিটরিং সেলকে আরও শক্তিশালী করা হয়েছে। দেশের মহাসড়ক, পশুর হাট, যমুনা সেতু ও পদ্মা সেতু-সহ গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়েগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় আনা হয়েছে। যেখানে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে পুলিশ সদস্যদের বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগের সরকারের দীর্ঘদিনের অব্যবস্থাপনা কাটিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তিনি দাবি করেন, আগের বছরের তুলনায় এবার সড়ক দুর্ঘটনার সংখ্যা কম এবং বেশিরভাগ দুর্ঘটনাই অসচেতনতা ও ব্যক্তিগত গাফিলতির কারণে ঘটেছে।

পশুর হাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনুমোদনহীন কোনো হাট বসতে দেওয়া হবে না। সম্প্রতি মিরপুরে মেট্রোরেল লাইনের নিচে গড়ে ওঠা একটি অবৈধ পশুর হাট বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া জাল নোট প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক-এর সহযোগিতায় ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে জাল নোট শনাক্তকারী মেশিন স্থাপন করা হয়েছে।

তিনি আরও জানান, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের ‘রাষ্ট্রের ভেতর রাষ্ট্র’ গড়ে তোলার চেষ্টা যৌথ অভিযানের মাধ্যমে দমন করা হয়েছে। সেখানে ভবিষ্যতে পুলিশ একাডেমি, র‌্যাব একাডেমি, স্পোর্টস কমপ্লেক্স ও কারাগারসহ একটি সমন্বিত নিরাপত্তা ও প্রশাসনিক হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

যমুনা সেতুর টোল প্লাজায় দীর্ঘ যানজটের বিষয়ে তিনি বলেন, ম্যানুয়াল টোল আদায়ের কারণে লাইনের সৃষ্টি হচ্ছে। এ সমস্যার স্থায়ী সমাধানে ডিজিটাল অটোমেশন ও স্বয়ংক্রিয় কার্ডভিত্তিক টোল ব্যবস্থা চালুর সুপারিশ করা হবে।

সাভারে ড্রোন ও সিসি ক্যামেরা ব্যবহার করে মাদক ব্যবসা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10638 ,   Print Date & Time: Monday, 5 October 2026, 11:03:24 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh