![]()
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আগামীকাল সারা দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এ উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষাকে সামনে রেখে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।”
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং এটি মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের এক অনন্য শিক্ষা বহন করে। তিনি উল্লেখ করেন, হযরত ইব্রাহিম (আ.)-এর নিঃশর্ত আনুগত্য ও আত্মত্যাগের আদর্শই এই দিবসকে মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত করেছে।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসঙ্গে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন মানবজাতির জীবনে শান্তি, নিরাপত্তা ও কল্যাণ নেমে আসে।
প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তায় ঈদুল আজহার মূল শিক্ষা—ত্যাগ, মানবতা ও আত্মশুদ্ধির গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে।