![]()
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের হুমকি নেই। পাশাপাশি ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আজ মঙ্গলবার জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, ঈদ উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। র্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে।
তিনি আরও জানান, ঈদের প্রধান জামাতগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্টের মাধ্যমে তল্লাশি কার্যক্রম চলছে। পাশাপাশি অনলাইন মনিটরিংও সার্বক্ষণিকভাবে অব্যাহত থাকবে।
র্যাব মহাপরিচালক বলেন, ঈদের সময় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে মেট্রোপলিটন শহর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রীকালীন চৌকি ও টহল বাড়ানো হয়েছে।
তিনি আরও জানান, বাজারে যাতে কোনো ধরনের কালোবাজারি, মজুদদারি, মূল্যবৃদ্ধি বা ভেজাল পণ্যের প্রবেশ না ঘটে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সবশেষে তিনি বলেন, ঈদে মানুষ যেন নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি গিয়ে পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই র্যাব সর্বাত্মকভাবে কাজ করছে।