![]()
দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে বলে জানিয়েছেন সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, এখন পর্যন্ত ২ কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে এবং প্রথম ধাপে যেসব উপজেলায় বিশেষ কর্মসূচি চালানো হয়েছিল, সেখানে সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।
সোমবার কুমিল্লা সফরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের প্রধান লক্ষ্য হলো শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং হামজনিত মৃত্যু প্রতিরোধ করা। তিনি ইঙ্গিত দেন, শুধুমাত্র দায় নির্ধারণ নয়, কার্যকর প্রতিরোধ ব্যবস্থাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবা, পরিবেশ ও খাবারের মান পর্যবেক্ষণ করেন। হাসপাতালের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মু. রেজা হাসান, ডা. মো. শাহজাহান, ডা. নিশাত সুলতানা এবং অন্যান্য কর্মকর্তা।
সংশ্লিষ্টদের মতে, ঈদুল আজহার আগে এই আকস্মিক পরিদর্শনের ফলে হাসপাতালগুলোর জরুরি চিকিৎসাসেবা আরও সক্রিয় ও তদারকিমূলক হবে।