• হোম > বাংলাদেশ | শিক্ষা > স্কুল ফিডিংয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

স্কুল ফিডিংয়ে গাফিলতি বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • রবিবার, ২৪ মে ২০২৬, ১৫:৪২
  • ৫৩

---

স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচিতে শিশুদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আজ রোববার রাজধানীর প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষার ক্ষেত্রে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। এ কর্মসূচিকে তিনি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকা ব্যয়ে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এত বড় প্রকল্পে গাফিলতি হলে তা সরকার ও সংশ্লিষ্ট সবাইকে বিব্রত করবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে খাদ্যের মান, পুষ্টিগুণ এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে খাদ্য কোথা থেকে আসছে এবং কীভাবে প্রক্রিয়াজাত হচ্ছে—এ বিষয়ে পূর্ণাঙ্গ ডিজিটাল তথ্য সরকারের কাছে থাকতে হবে বলে তিনি নির্দেশনা দেন।

সভায় তিনি কর্মসূচির স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে বিশেষজ্ঞ টেকনিশিয়ান নিয়োগ, স্থানীয় উৎপাদন উৎসাহিত করা এবং প্রতিদিন নির্ধারিত সময়ে খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পাইলট পর্যায়ে বাস্তবায়িত এই কর্মসূচিতে চিহ্নিত সমস্যাগুলো সমাধান করে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে এটি চালু করার পরিকল্পনা রয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10521 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 12:53:18 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh