• হোম > বাংলাদেশ > বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

  • রবিবার, ২৪ মে ২০২৬, ১৪:৪০
  • ৪৯

---\

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ধীরে ধীরে পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে এগিয়ে যাচ্ছে। তিনি আজ সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, এই উদ্যোগ শুধু বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নয়, বরং এটি দেশের টেকসই ভবিষ্যতের প্রতীক। জাতীয় সংসদ ভবনের ছাদে ১ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনকে তিনি একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে উল্লেখ করেন, যার মাধ্যমে বাংলাদেশ সবুজ জ্বালানির দিকে অগ্রসর হওয়ার অঙ্গীকার প্রকাশ করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদ ভবন দেশের গণতন্ত্রের প্রতীক এবং সেখানে সৌরশক্তির ব্যবহার প্রমাণ করে যে নেতৃত্ব শুধু নীতিগত সিদ্ধান্তেই নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। তিনি জ্বালানি চাহিদা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকির কথাও তুলে ধরেন।

তিনি বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত বর্ষণ, ঘূর্ণিঝড় ও নদীভাঙনের মতো বিষয়গুলো বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। তাই টেকসই জ্বালানির পথে যাত্রা এখন শুধু পরিবেশগত বিষয় নয়, বরং জাতীয় অর্থনীতি ও নিরাপত্তার সঙ্গেও যুক্ত।

তারেক রহমান উল্লেখ করেন, দেশে পর্যাপ্ত সৌরশক্তির সম্ভাবনা রয়েছে এবং এই খাতকে কাজে লাগানো গেলে ভবিষ্যতে বড় ধরনের জ্বালানি পরিবর্তন আনা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, সরকারি-বেসরকারি পর্যায়ে এই উদ্যোগ ছড়িয়ে পড়লে বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের পথে অগ্রসর হতে পারবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10511 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 12:08:53 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh