• হোম > দেশজুড়ে > ঈদযাত্রায় রেলে প্রতিদিন যাতায়াত করতে পারবে ৪০ হাজারের বেশি যাত্রী: রেলমন্ত্রী

ঈদযাত্রায় রেলে প্রতিদিন যাতায়াত করতে পারবে ৪০ হাজারের বেশি যাত্রী: রেলমন্ত্রী

  • রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪০
  • ৫৯

---

ঈদুল আজহা উপলক্ষে রেলপথে এবার প্রতিদিন ৪০ হাজারের বেশি যাত্রী পরিবহন করা সম্ভব হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি রোববার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে বলেন, ঈদযাত্রায় সিডিউল বিপর্যয় রোধে সরকার কাজ করছে এবং এবার নতুন ৫১টি কোচ যুক্ত করা হয়েছে, ফলে যাত্রীসেবা আরও স্বস্তিদায়ক হবে।

ঈদযাত্রার দ্বিতীয় দিনে সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে নারী ও শিশুসহ যাত্রীদের উপস্থিতি ছিল বেশি। অনেকেই জানান, আগেভাগে বাড়ি ফিরতে চাওয়ায় ভিড় কিছুটা বেশি হলেও এবার রেলযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হচ্ছে।

রেলওয়ে সূত্র অনুযায়ী, বেলা ১১টা পর্যন্ত ১৪টি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে সিলেটগামী পারাবত এক্সপ্রেস, চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস এবং লালমনিরহাটের বুড়িমারী এক্সপ্রেস কিছুটা বিলম্বিত হয়। যাত্রীদের চাপ সামলাতে ঈদ মৌসুমে মোট ৬৬টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে চলাচল করছে, যার মধ্যে লোকাল, মেইল ও কমিউটার ট্রেনও রয়েছে। পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালুর ব্যবস্থাও রাখা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে কমলাপুরসহ বিভিন্ন স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি, পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং ছাদে ভ্রমণ সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হচ্ছে।

যাত্রীদের মতে, অনলাইনে টিকিট ব্যবস্থায় কিছু জটিলতা থাকলেও এবার ঈদযাত্রায় বড় ধরনের ভোগান্তি ছাড়াই তারা বাড়ির পথে রওনা দিতে পারছেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10509 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 11:59:55 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh