• হোম > বাংলাদেশ > নজরুল জন্মজয়ন্তীতে আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

নজরুল জন্মজয়ন্তীতে আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • শনিবার, ২৩ মে ২০২৬, ১১:১৭
  • ৪৫

---

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনে আজ ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির স্মৃতিবিজড়িত নজরুল অ্যাকাডেমি মাঠে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি ত্রিশালের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কার্যক্রমও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ইতিহাস অনুযায়ী, ১৯১৪ সালে ভারতের আসানসোল থেকে কবি নজরুলকে ত্রিশালের কাজিরশিমলা গ্রামে নিয়ে আসেন কাজী রফিজ উল্লাহ দারোগা। পরে তাকে দরিরামপুর হাইস্কুলে ভর্তি করা হয়, যা বর্তমানে নজরুল অ্যাকাডেমি নামে পরিচিত। কবির স্মৃতিবিজড়িত এই স্থানেই প্রায় দুই দশক পর আবার জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী আয়োজন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো ত্রিশাল এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ের এমন আয়োজন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী, র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডগ স্কোয়াড দিয়েও তল্লাশি চালানো হয়েছে।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অন্যদিকে বিএনপি নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় ত্রিশাল ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

এ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে কানহর এলাকার ধরার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। উল্লেখ্য, ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন করেছিলেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10459 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 05:47:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh