• হোম > বাংলাদেশ > খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিটপ্রতি ১.২৫ টাকা বাড়ানোর প্রস্তাব বিইআরসির

  • বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১৮:০০
  • ৬৮

---

Bangladesh Energy Regulatory Commission–এর কারিগরি মূল্যায়ন কমিটি (টিইসি) খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে। রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত বিইআরসির গণশুনানিতে বৃহস্পতিবার এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

কমিটির হিসাব অনুযায়ী, এই সুপারিশ কার্যকর হলে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকি প্রায় ১৩ হাজার কোটি টাকা কমে আসতে পারে।

টিইসি জানিয়েছে, আগামী অর্থবছরে প্রায় ৯৫ হাজার ৬১২ মিলিয়ন কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ বিক্রির লক্ষ্য ধরা হয়েছে। এ পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে বিতরণ সংস্থাগুলোর মোট প্রায় ১ লাখ ১৯ হাজার ২৮৫ কোটি টাকা নিট রাজস্ব প্রয়োজন হবে বলে প্রাক্কলন করা হয়েছে।

কমিটির মূল্যায়নে আরও বলা হয়, দেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় সিস্টেম লস বা বিতরণজনিত ক্ষতি সামান্য কমে ২০২৬-২৭ অর্থবছরে ৭.৩৭ শতাংশে নেমে আসতে পারে, যা চলতি অর্থবছরে ৭.৩৮ শতাংশ রয়েছে।

গ্রাহক পর্যায়ের বিদ্যুৎ বিলের কাঠামো বা স্ল্যাব নিয়ে টিইসি জানিয়েছে, বর্তমানে বিদ্যমান স্ল্যাব পদ্ধতিতে কোনো পরিবর্তন আনার সুপারিশ করা হয়নি। বিশেষ করে লাইফলাইন গ্রাহকদের জন্য ০–৫০ ইউনিটের সুবিধা আগের মতোই বহাল রাখার কথা বলা হয়েছে।

এর আগে ০–৭৫ ইউনিটের প্রথম স্ল্যাব বাতিল করে ০–২০০ ইউনিট পর্যন্ত নতুন স্ল্যাব চালুর একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছিল। তবে টিইসি মনে করছে, হঠাৎ এ ধরনের পরিবর্তন করলে নিম্নআয়ের ও প্রান্তিক গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন। তাই সাধারণ গ্রাহকদের স্বার্থ বিবেচনায় বর্তমান স্ল্যাব কাঠামো বহাল রাখার সুপারিশ করা হয়েছে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10419 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 01:49:26 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh