![]()
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করবে এবং দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্নের চেষ্টা করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। এখন তদন্ত শেষে দ্রুত চার্জশিট আদালতে জমা দেওয়া হবে।
তিনি বলেন, বাকি বিচারিক প্রক্রিয়া আইন বিভাগের বিষয় হলেও সরকার আশা করছে, এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।
বিচারহীনতা নিয়ে সমালোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে বিচারহীনতা বলা ঠিক নয়। অনেক সময় বিচার প্রক্রিয়ায় বিলম্ব হয়, তবে বিভিন্ন আলোচিত মামলাতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সরকার আইন সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে কাজ করছে। তবে শুধুমাত্র জনরোষ প্রশমনের জন্য তড়িঘড়ি আইন প্রণয়ন বা বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে চলা অনেক পেশাদার অপরাধীকেও আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।