![]()
Dhaka Mass Transit Company Limited পরিচালিত মেট্রোরেলে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একক যাত্রার ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সংক্রান্ত প্রস্তাব Ministry of Road Transport and Bridges থেকে পাঠানো হলে তা অর্থ বিভাগ অনুমোদন করেছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ পরিচয়পত্র’ প্রদর্শনের মাধ্যমে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন। আর ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ নাগরিকরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বয়স যাচাই সাপেক্ষে এই সুবিধা ভোগ করতে পারবেন।
এর আগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য মেট্রোরেলে বিনামূল্যে যাতায়াত এবং প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ১৫ শতাংশ ছাড় চালু ছিল। নতুন সিদ্ধান্তে প্রতিবন্ধীদের ছাড় ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি প্রথমবারের মতো প্রবীণ নাগরিকদেরও ছাড়ের আওতায় আনা হলো।
যদিও সাধারণভাবে ৬০ বছর বা তার বেশি বয়সীদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বিবেচনা করা হয়, তবুও মেট্রোরেলের ক্ষেত্রে আপাতত ৬৫ বছর বয়স থেকে এই সুবিধা কার্যকর করা হচ্ছে। ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের পরিচালন ব্যয়, রাজস্ব আয় বজায় রাখা এবং আগামী অর্থবছর থেকে বৈদেশিক ঋণ পরিশোধের বিষয় বিবেচনায় রেখেই এই সীমা নির্ধারণ করা হয়েছে।
ডিএমটিসিএল-এর হিসাব অনুযায়ী, এই ছাড়ের কারণে বছরে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব কম আদায় হতে পারে, যা মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশের সমান।
এদিকে শিক্ষার্থীদের জন্য মেট্রোরেলে ভাড়া ছাড়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে রাজস্ব ও পরিচালন সক্ষমতার ভিত্তিতে বিষয়টি বিবেচনা করা হতে পারে।