• হোম > বাংলাদেশ > লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে প্রিন্স এডওয়ার্ডের সাথে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

লন্ডনে এডুকেশন ওয়ার্ল্ড ফোরামে প্রিন্স এডওয়ার্ডের সাথে শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ

  • বুধবার, ২০ মে ২০২৬, ১১:০৫
  • ৫১

---

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন যুক্তরাজ্যের লন্ডন-এ অনুষ্ঠিত ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর এক সাইডলাইন বৈঠকে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স এডওয়ার্ড-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার লন্ডনের কুইন এলিজাবেথ-২ সেন্টার-এ এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য সরকারের ইন্টারন্যাশনাল এডুকেশন চ্যাম্পিয়ন স্যার স্টিভ স্মিথ এই উচ্চপর্যায়ের বিশেষ অধিবেশনের আয়োজন করেন।

বৈঠকে বিশ্বব্যাপী উপানুষ্ঠানিক শিক্ষা (নন-ফরমাল এডুকেশন) এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়নে সফট স্কিলসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এ বিশ্বের শতাধিক দেশের শিক্ষামন্ত্রীরা অংশ নিচ্ছেন। তবে প্রিন্স এডওয়ার্ডের উপস্থিতিতে আয়োজিত এই এক্সক্লুসিভ বিশেষ অধিবেশনে বিশ্বব্যাপী মাত্র ১৪ জন নির্বাচিত শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়, যার মধ্যে বাংলাদেশের শিক্ষামন্ত্রীও ছিলেন।

বৈঠকে ড. এহছানুল হক মিলন বাংলাদেশের উপানুষ্ঠানিক শিক্ষা খাতের বর্তমান অবস্থা, ঝরে পড়া শিক্ষার্থীদের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ এবং তরুণদের আধুনিক কর্মসংস্থানের উপযোগী দক্ষতায় গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।

প্রিন্স এডওয়ার্ড এবং স্যার স্টিভ স্মিথ বাংলাদেশের এসব উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে অধিবেশনে অংশ নেওয়া বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীরা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10349 ,   Print Date & Time: Tuesday, 25 August 2026, 01:17:57 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh