![]()
প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, এক অর্থে আগের মতো করে র্যাব আর থাকছে না এবং বাহিনীটির নামও পরিবর্তন হতে পারে।
মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্তির দাবি বিভিন্ন সময় জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে উঠেছে। এর আগে ২০২৪ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবাদ সম্মেলন করে র্যাব বিলুপ্তির দাবি জানায়।
এরই ধারাবাহিকতায় সোমবার র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, মানবাধিকার সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে একটি আধুনিক ও পেশাদার এলিট ফোর্স গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে।
এ বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “র্যাব বিলুপ্তির যে দাবি বিএনপি করেছিল, এক অর্থে সেইভাবে র্যাব থাকছে না। নামও সম্ভবত পাল্টে যাচ্ছে।” তবে তিনি স্পষ্ট করেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
তিনি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে র্যাবের জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগের কথা জানিয়েছেন এবং সে লক্ষ্যে কাজ চলছে। তার ভাষায়, রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে একটি এলিট ফোর্স প্রয়োজন রয়েছে, তবে সেটি নতুন কাঠামো, নতুন আইন ও জবাবদিহিতার আওতায় পরিচালিত হবে।
সংবাদ সম্মেলনে সরকারের তিন মাসের কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।