• হোম > রাজনীতি > সংরক্ষিত নারী এমপিদের সংসদে সক্রিয় হওয়ার আহ্বান, উন্নয়ন কাজে সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

সংরক্ষিত নারী এমপিদের সংসদে সক্রিয় হওয়ার আহ্বান, উন্নয়ন কাজে সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

  • মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০০:০৬
  • ৬৮

---

ই-বাংলাদেশ ডেস্ক

সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের আরও সক্রিয়, দক্ষ ও তথ্যসমৃদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং তথ্যভিত্তিক বক্তব্য ও রোল প্লের মাধ্যমে সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সংসদ সদস্য অংশ নেন। বৈঠকে সংরক্ষিত নারী আসনের এমপিদের কাজের পরিধি, সংসদীয় দায়িত্ব, এলাকা বণ্টন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী নারী এমপিদের নিজ নিজ সংসদীয় এলাকায় নির্বাচিত বিএনপি সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে তিনি রাষ্ট্রীয় কার্যক্রম, সরকারি উন্নয়ন পরিকল্পনা এবং জাতীয় ইস্যু সম্পর্কে গভীর ধারণা রাখার পরামর্শ দেন।

বৈঠকে নারী এমপিরা সংসদীয় বিভিন্ন স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানান। তারা বলেন, সংসদে কার্যকর ভূমিকা রাখতে এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশ নিতে কমিটিগুলোতে সক্রিয় উপস্থিতি জরুরি। প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা আরও জানান, নিজ নিজ এলাকায় সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে তাদের কাছে আসছেন। এসব বিষয়ে কীভাবে সমন্বিতভাবে কাজ করা যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা চান তারা। প্রধানমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, আনুষ্ঠানিকভাবে এলাকা বণ্টনের মাধ্যমে কাজের পরিধি আরও সুসংগঠিত করা হবে।

বৈঠকে আরও আলোচনা হয়, যেসব এলাকায় জামায়াতের সংসদ সদস্য রয়েছেন, সেখানে সংরক্ষিত নারী এমপিদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সরকার দলীয় নারীনেতৃত্বের অংশগ্রহণ বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নারী এমপিদের উদ্দেশে বলেন, সংসদে কার্যকর বক্তব্য দিতে হলে নিয়মিত পড়াশোনা করতে হবে, সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু সম্পর্কে ধারণা রাখতে হবে। তিনি জানান, দ্বিতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই নারী এমপিদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তথ্যভিত্তিক বক্তব্য, নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ততা বাড়লে নারী সংসদ সদস্যদের কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।


This page has been printed from Entrepreneur Bangladesh - https://www.entrepreneurbd.com/10302 ,   Print Date & Time: Wednesday, 26 August 2026, 04:43:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 Entrepreneur Bangladesh